আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের মনোনয়ন ফরম পেয়েছেন জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমেদ।মঙ্গলবার (২৭ নভেম্বর) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত চিঠি তার হাতে তুলে দেওয়া হয়।
অপরদিকে মহাজোট থেকে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমশের মবিন চৌধুরীকে সিলেট-৬ আসন থেকে মনোয়ন দেওয়া হতে পারে বলে দলীয় সমর্থকদের মনে গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত আসনটির বর্তমান এমপি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দলীয় মনোনয়ন পেয়েছেন।
বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তীর পর নিজের অভিব্যক্তি ব্যক্ত করতে গিয়ে ফয়সল আহমদ বলেন, ‘দীর্ঘদিন সিলেট-৬ আসনটিতে ধানের শীষ প্রতীক ছিল না। বিএনপি জোটগতভাবে নির্বাচন করায় ২০০১ এবং ২০০৮ সালের নির্বাচনে এই আসনে জামায়াতের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। দুটো নির্বাচন পর তৃতীয় নির্বাচনে আমাকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার মনোনয়ন দেওয়াতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও চরম উত্তেজনা বিরাজ করছে।’
তিনি আশাবাদ ব্যক্ত করেন, ‘দেশে আবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি এই আসনে বিপুল ভোটে নির্বাচিত হবে।’
বিএনপির সূত্র জানায়,ফয়সল আহমদ ত্যাগী নেতা। তিনি কর্মীবান্ধব মানুষ। সততা এবং ন্যায়নীতির কারণে বর্তমান সরকার আমলে আওয়ামী লীগ প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে আসনটি পুনরুদ্ধার করে বিএনপিকে উপহার দেবেন।








