বিজয়ের মাসের প্রথম দিনে ৩০ লাখ শহীদদের স্মরণে ৩০টি ফানুস উড়িয়ে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’। শনিবার (১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) পায়রা চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ টিএসসিভিত্তিক ১০টি সংগঠন অংশগ্রহণ করে।
প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। একইসঙ্গে বীর প্রতীক তারা মন বিবির প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও বিভিন্ন দেশাত্মবোধক গানের মাধ্যমে বিজয়ের মাসকে স্মরণ করে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘বিজয়ের মাসের প্রথম দিনে স্মরণ করছি ৩০ লাখ শহীদকে, যারা মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। আজকে বীর প্রতীক তারা মন বিবি চির বিদায় নিয়েছেন। আমরা প্রত্যেক তরুণ তার প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছি। তারা মন বিবি আমাদের মাঝে আজীবন বেঁচে থাকবেন। প্রত্যেক ঘরে আমরা এক একজন তারা মন বিবি হয়ে জম্মাবো।’
স্লোগান একাত্তারের সভাপতি কাজী সুজন বলেন, ‘বিজয়ের মাসের প্রথম দিনে ৩০ লাখ শহীদদের স্মরণে আয়োজন করেছে ফানুস উড্ডয়ন কর্মসূচি। আমরা ৩০ লাখ শহীদের স্মরণে ৩০টি ফানুস উড্ডয়ন করছি। এই কর্মসূচি যে উচ্ছ্বাস নিয়ে আয়োজন করার কথা ছিল, সে উচ্ছ্বাস নিয়ে আয়োজন করতে পারছি না। কারণ আজকে বিজয়ের মাসের প্রথম দিনে আমাদের ছেড়ে চলে গেছেন আমাদের বীর প্রতীক তারা মন বিবি। আমরা তার স্মরণে প্রথমে এক মিনিট নীরবতা পালন করেছি। তারা মন বিবির যে আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ ছিল, সে আদর্শের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা বিজয়ের মাসের প্রথম দিনে শপথ গ্রহণ করেছি।’
এতে উপস্থিত ছিলেন টিএসসি ভিত্তিক সংগঠন রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাদেক, স্লোগান একাত্তরের সভাপতি কাজী সুজন মিয়া, জয়ধ্বনি সাংস্কৃতিক সংগঠনের সভাপতি সাব্বির হোসেন, মাইম অ্যাকশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, পরিবেশ সংসদের সাধারণ সম্পাদক মো. সবুজ হোসেন, ফটেগ্রাফিক সোসাইটির সভাপতি মিমু দাশ, নাট্য সংসদের সভাপতি সানোয়ারুল হক সনু, সাইন্স সোসাইটির সহসভাপতি মশিউর রহমান।








