সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফেথাই (phethai)-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বেড়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সাগর এখন উত্তাল। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
রবিবার (১৬ ডিসেম্বর) দুপুরের পর থেকেই ঘূর্ণিঝড় ফেথাই-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকার আকাশ মেঘলা হয়ে যায়। কমে যায় তাপমাত্রা। সোমবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে আবহাওয়া একই রকম আছে। এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি। এতে শীতের তীব্রতা বেড়ে যায়।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৬৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর বা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
তিনি জানান, এই ঝড়ের প্রভাবে আগামী দুই থেকে তিনদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষ করে উপকূলীয় এলাকায়। এই বৃষ্টির কারণে তাপমাত্রা কমেছে। শীতের তীব্রতাও বেড়েছে।
তবে ঝড়টি বাংলাদেশে না এসে ভারতের উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১২ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, ঢাকায় আজ (সোমবার) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫, ময়মনসিংহে ১৮ দশমিক ৪, চট্টগ্রামে ২১ দশমিক ৮ , সিলেটে ১৮ দশমিক ৫, রাজশাহীতে ১৬ দশমিক ৮, রংপুরে ১৩ দশমিক ৪, খুলনায় ১৮ দশমিক ৮ এবং বরিশালে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১২৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমূদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।








