রাজনৈতিক দলগুলোর ইশতেহারে ঘোষিত গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য দূরীকরণের যে অঙ্গীকার রয়েছে তার বাস্তবায়ন চায় বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)।
সংগঠনটি বলছে, উন্নয়নের বিকেন্দ্রীকরণ, আঞ্চলিক বৈষম্য দূর করে দেশের সুষম ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে উন্নয়ন অব্যাহত রাখার জন্য রাজনৈতিক দল ও জোটসমূহের নির্বাচনি ইশতেহারে ঘোষিত প্রস্তাবনা ও অঙ্গীকারগুলো তাৎপর্যপূর্ণ। এগুলোর সঠিক বাস্তবায়নে দেশ এগিয়ে যাবে।
শনিবার (২২ ডিসেম্বর) সংগঠনের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একাদশ সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট নির্বাচনি ইশতেহারে দেশের পরিকল্পনা ও উন্নয়ন সম্পর্কিত যেসব অঙ্গীকার করেছে, সেগুলোকে দেশের বর্তমান বাস্তবতায় গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিআইপি।
বিআইপির পক্ষ থেকে বলা হয়- বাংলাদেশ আওয়ামী লীগ “সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক ইশতেহারে বাংলাদেশের গ্রামীণ এলাকায় আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের যে প্রস্তাবনা দিয়েছে, বাংলাদেশের আর্থ-সামাজিক ও পরিকল্পনাগত প্রেক্ষিতে তা অত্যন্ত গুরুত্ববহ। বিআইপি মনে করে মানুষের শহরমুখী অভিগমন রোধে ও দেশের বিকেন্দ্রীকরণ নীতিমালা বাস্তবায়নে আলোচ্য প্রস্তাবনার বাস্তবায়ন তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে। উন্নত রাস্তাঘাট, যোগাযোগ, সুপেয় পানি, আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা, মানসম্মত শিক্ষা, কম্পিউটার ও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা সম্প্রসারণের মাধ্যমে দেশের প্রতিটি গ্রামকে আধুনিক শহরের সুবিধাদি প্রদান করা সম্ভব হলে প্রকৃতপক্ষে দেশের সুষম উন্নয়ন নিশ্চিত সম্ভব হবে। উপরন্তু আওয়ামী লীগের ইশতেহারে জেলাভিত্তিক বাজেট প্রণয়ন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মধ্যে দায়িত্ব বিভাজন, নগর ও শহরের ভূমি ব্যবহার পরিকল্পনা, পরিকল্পিত উন্নয়ন এবং নগর ব্যবস্থাপনায় অধিকতর স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করার যে অঙ্গীকার রয়েছে, দেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করবার জন্য উক্ত প্রস্তাবসমূহের প্রকৃত বাস্তবায়ন প্রয়োজন।
এতে আরও বলা হয়, জাতীয় ঐক্যফ্রন্ট তার নির্বাচনি ইশতেহারে স্থানীয় সরকার ব্যবস্থার পুনর্বিন্যাস, বিকেন্দ্রীকরণ এবং নগর সরকার ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার করেছে। বিআইপি মনে করে সমন্বিত ও কার্যকরী পরিকল্পনা, উন্নয়ন ও উন্নয়ন ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য উপরোক্ত পদক্ষেপগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্যফ্রন্ট জেলা ভিত্তিক বাজেট প্রণয়নের যে প্রস্তাবনা দিয়েছে, তার সঠিক বাস্তবায়নের মাধ্যমে দেশের মধ্যে ক্রমবর্ধমান আঞ্চলিক বৈষম্য দূর করা সম্ভব। একইসঙ্গে গণপরিবহনকে প্রাধান্য দিয়ে পরিবহন নীতিমালা প্রণয়নের প্রস্তাব এবং শহর অঞ্চলের গরীব মানুষের জন্য স্বল্পমূল্যে বসবাসের জন্য সরকারি উদ্যোগে বহুতল ভবন নির্মাণের প্রস্তাবকে স্বাগত জানায় বিআইপি।








