একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতার কথা মাথায় রেখেই আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। কেউ এ ধরনের দুঃসাহস দেখালে তাকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
শনিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টার দিকে মিরপুরের ১০ নম্বরের আদর্শ উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আগামীকাল (৩০ ডিসেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে উৎসাহ বিরাজ করছে। মানুষ ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে। যদিও একটি গ্রুপ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে। তাদের গুজবে মনে হয়েছে ভোটকেন্দ্র রণক্ষেত্র। তবে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আপনারা ভোটকেন্দ্রে যাবেন, নির্ভয়ে ভোট দেবেন।’
বেনজীর আহমেদ বলেন, ‘কেউ যদি সহিংসতা করার চেষ্টা করে, তা দমনের জন্য আমাদের কর্মীরা রয়েছে। ভোটকেন্দ্রে শত শত সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্য টহলে থাকবে। যারা নিরাপত্তা ভাঙবে তাদের শক্ত হাতে দমন করা হবে। আমরা নাগরিকদের সুরক্ষা দেবো। যেকোনও পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত। আমরা চাই দেশের নাগরিকরা নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। তারা নির্ভয়ে ভোট দেবে আমরা সেই পরিবেশ নিশ্চিত করবো।’
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা নাশকতার কথা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। কেউ যদি এমন সাহস দেখায় তাহলে তা ভণ্ডুল করে দেওয়া হবে। কেউ এমন কিছু করলে তার পরিণতি তাকে ভোগ করতে হবে।’








