জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের পক্ষে বাদী দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ সহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকীকে জেরা করা হয়েছে।
মঙ্গলবার (৮ জানুয়ারি) ঢাকার বিশেষ জজ (৬ নম্বর) ড. শেখ গোলাম মাহবুবের আদালতে এ জেরা হয়। মওদুদ আহমদের পক্ষে জেরা করেন তার আইনজীবী আব্দুর রেজ্জাক খান।
তবে জেরা শেষ না হওয়ায় আদালত পরবর্তী জেরার জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেন। মওদুদ আহমদ আদালতে হাজির ছিলেন।
এর আগে ২০১৭ সালের ২৫ জুলাই অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা মওদুদ আহমদের আবেদন খারিজ করেন হাইকোর্ট। পাশাপাশি ছয় মাসের মধ্যে বিচার নিষ্পত্তি করারও আদেশ দেওয়া হয়। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে মওদুদ আহমদ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে লিভ টু আপিল করেন। কিন্তু আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৭ সালের ৩ জুলাই সম্পদ ও আয়ের হিসাব বিবরণী চেয়ে মওদুদ আহমদকে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই বছর দুদকে ১৭ কোটি ৭০ লাখ টাকার সম্পদের হিসাব দাখিল করেন মওদুদ আহমদ। কিন্তু মওদুদের বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই হিসাব দেওয়ার সময় ৪ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
ওই ঘটনায় গত ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় দুদকের উপ সহকারী পরিচালক শরিফুল হক সিদ্দিকী মামলা দায়ের করেন। এরপর মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ১৪ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদক।








