ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-এর জগন্নাথ হল থেকে ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে হলের নর্থ ভবনের ১৯ নম্বর কক্ষ থেকে তাদের আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় তাদের কাছ থেকে কয়েক পিস ইয়াবা, তা সেবনের সরঞ্জাম এবং গাঁজা উদ্ধার করা হয়।
বুধবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা এসব তথ্য নিশ্চিত করেছেন।
আটক তিন জনের মধ্যে একজন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিধান চন্দ্র রায়। বাকি দুই বহিরাগত হলো- গোপালগঞ্জের বাসিন্দা সূবর্ণ বৈদ্য এবং একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কর্মচারী ইমরান আহমেদ শুভ।
এ ব্যাপারে সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। এসময় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ তিন জনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা ও তা সেবনের সরঞ্জাম এবং গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছে।’ তবে বিধান নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দাবি করলেও তার পরিচয়পত্রটি মেয়াদোত্তীর্ণ বলেও জানান এই সহকারী প্রক্টর।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আসীম কুমার সরকার বলেন, ‘আমরা হলের আবাসিক শিক্ষকদের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’
প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিন জনের মধে দুজন বহিরাগত। বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও তারা কীভাবে হলে অবস্থান করছেন, তাদের উদ্দেশ্য কী- তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।’
এ প্রসঙ্গে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছে। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দিকে যাব।’








