স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তাবলিগ জামাতের দ্বন্দ্ব নিরসনে বিবদমান দুই পক্ষকে এক করা হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে দুই পক্ষ এক হয়ে ইজতেমা আয়োজন করবে। এ বিষয়ে বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ে উভয় পক্ষ বসে তারিখ নির্ধারণ করবে।
বুধবার (২৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর উপস্থিতিতে তাবলিগ নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠক এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান। বৈঠকে তাবলিগ জামাতের দুই পক্ষে নেতৃত্ব দেন মাওলানা জুবায়ের ও মাওলানা ওয়াসিফুল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাবলিগের দুই পক্ষকে এক করা হয়েছে। তারা এক হয়ে এবার ইজতেমা আয়োজন করবে। ইজতেমা ঘিরে থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্রয়োজনে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।’
বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘তাবলিগ জামাতের দুটি পক্ষ ও তাদের মধ্যে দ্বন্দ্ব-সংঘর্ষ এবং ইজতেমা নিয়ে রিট করার বিষয়টি তাদের কলঙ্কিত করেছে। তাবলিগ সম্পর্কে মানুষের ধারণাকে আঘাত করেছে। রিট করার বিষয়টি দেশে-বিদেশে সমালোচিতও হয়েছে। এ অবস্থার উত্তরণে আজকে বৈঠক করা হয়েছে। আগামীকাল ধর্ম মন্ত্রণালয়ে বসে উভয় পক্ষ ইজতেমার তারিখ নির্ধারণ করবে।’
আরও পড়ুন:
তাবলিগ জামাতের মুসল্লিদের সংঘর্ষে নিহত ১, আহত ২ শতাধিক
নির্বাচনের পর ইজতেমার তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী








