জালিয়াতির মাধ্যমে প্রায় আট কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের দুই উপ-মহাব্যবস্থাপকসহ (ডিজিএম) ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৩ জানুয়ারি) দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বাদী হয়ে রাজধানীর গুলশান থানায় মামলাটি দায়ের করেন।
এ মামলার আসামিরা হলেন— বেসিক ব্যাংকের ডিজিএম মো. ইমরুল ইসলাম, ডিজিএম শাকির মাহমুদ শরফুদ্দীন, ডেপুটি জেনারেল ম্যানেজার (বর্তমানে বরখাস্ত) মো. শাহ আলম ভুইয়া, সাবেক শাখা ব্যবস্থাপক (বর্তমানে বরখাস্ত) আসিফ আহমেদ ও সাবেক অ্যাডভান্সড অফিসার ফারুক আহমেদ ভূঁইয়া।
বেসিক ব্যাংকের কর্মকর্তা ছাড়া অন্য আসামিরা হলেন— ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক ইন্সট্রাকটর (সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ) খলিলুর রহমান ভূঁইয়া,
মেসার্স পিসি এভিনির মালিক রোজিনা আহম্মেদ, রমনা এলাকার বাসিন্দা মোশারফ হোসেন, তোপখানার বাসিন্দা মোয়াজ্জেম হোসেন, মোতালেব হোসেন, ও মোফাজ্জল হোসেন, ভূঁইয়া অ্যাসোসিয়েটের পরিচালক ইঞ্জিনিয়ার এম (মোশারফ) হোসেন ভুঁইয়া ও ভূঁইয়া অ্যাসোসিয়েটের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।
মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যহার ও জালিয়াতির মাধ্যমে বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।








