সুইডিশ ভাষায় প্রকাশিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা মহাকাব্যিক স্বগতসংলাপ (এপিক মনোলগ) ‘আমি শেখ মুজিব’ (Jag är Sheikh Mujib) । প্রবাসী বাঙালি কবি আনিসুর রহমানের লেখা এই স্বগতসংলাপটি প্রকাশ করেছে সুইডেনের স্মক্কাডল (Smockadoll) প্রকাশন। কবির সঙ্গে যৌথভাবে এটি অনুবাদ করেছেন সুইডিশ অনুবাদক ক্রিস্টিয়ান কার্লসন।
মহাকাব্য ও মঞ্চনাটকের বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে স্বগতসংলাপটিতে ভারতবর্ষের বিশ শতকের ইতিহাসের ঘটনাক্রম এবং বাংলাদেশের জন্মের গল্প উপজীব্য হয়েছে বলে জানিয়েছেন লেখক আনিসুর রহমান। মহাকাব্যের নায়ক বঙ্গবন্ধুর প্রয়াণের মধ্য দিয়ে স্বগতসংলাপটি শেষ হয়েছে|
২০১৬ সালে ১৫ আগস্টে স্বগতসংলাপটি প্রথম প্রকাশ করে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কমের আর্টজ বিভাগ। পরে ২০১৭ সালে বাংলাদেশের অনন্যা প্রকাশনী বই আকারে তা প্রকাশ করে|
বাংলাদেশের টাঙ্গাইলের মধুপুরে জন্ম নেওয়া আনিসুর রহমান বাংলা ও ইংরেজি ভাষা, সাহিত্য, ইতিহাস, সিনেমা ও থিয়েটার নিয়ে পড়াশোনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও স্টকহোম বিশ্ববিদ্যালয়ে শিক্ষা নেওয়া আনিসুরের কবিতা ও গল্প প্রকাশিত হয়েছে বিভিন্ন দেশের পত্রপত্রিকায়। ইংরেজি, সুইডিশ, নরওয়েজিয়ান, ড্যানিশ, স্প্যানিশ, সার্বিয়ান ও জর্জিয়ান ভাষায় অনুদিত হয়েছে তার লেখালেখি। বাংলাদেশ, নরওয়ে, জর্জিয়া, সুইডেন, সুইডিশ রেডিও এবং এনআরকে নরওয়েজিয়ান রেডিওর নাটকের জন্যও কাজ করেছেন তিনি।








