পূবালী ব্যাংক লিমিটেড আর্মড গার্ড কল্যাণ পরিষদের সদস্যদের ২৪ ঘণ্টা ডিউটি করানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সভাপতি মো. আলমগীর হোসেন।
তিনি বলেন, 'বর্তমানে আমরা মানবেতর জীবনযাপন করছি। আমাদের অনেককেই শাস্তিমূলক বদলি করা হয়েছে সিলেটে। সেখানে শ্রম আদালত নেই, যার ফলে এই জায়গা বেছে নেওয়া হয়েছে। এছাড়া অনেক কর্মীকে দুর্গম এলাকায় বদলি করা হচ্ছে। বর্তমানে আমাদের এখন ২৪ ঘণ্টা ডিউটি করানো হচ্ছে, এর যথাযথ ডকুমেন্ট আমার কাছে আছে।’
শনিবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক আতিউর রহমান অমানবিকভাবে ২৪ ঘণ্টার ডিউটি প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে অমানবিকভাবে ২৪ ঘণ্টা ডিউটি প্রত্যাহার, ৮ ঘণ্টা ডিউটির প্রচলন, কমপক্ষে সাতটি ধাপে পদোন্নতির ব্যবস্থা, নিরাপত্তা ডিউটি ছাড়া অন্য কোনও কাজে ব্যবহার না করাসহ মোট ১০টি দাবি তুলে ধরা হয়।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম মির্জা বলেন, 'আমাদের দাবি মানা না হলে প্রয়োজনে আমরা হেড অফিস ঘেরাওয়ের কর্মসূচি দেবো।’
মানববন্ধনে পূবালী ব্যাংক লিমিটেড আর্মড গার্ড কল্যাণ পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।








