ডাকসু নির্বাচনে ছাত্রলীগের বিরুদ্ধে সর্বদলীয় প্যানেলের চিন্তা

সালমান তারেক শাকিল
২৬ জানুয়ারি ২০১৯, ২৩:১৮আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২৩:২২





ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে সর্বদলীয় প্যানেলের চিন্তা-ভাবনা করছে ছাত্রদলসহ অন্যান্য সংগঠন। এক্ষেত্রে প্রধান প্রতিপক্ষ ছাত্রলীগের প্যানেলের বিরুদ্ধে জয়ী হওয়া সহজ বলে মনে করছেন তারা। সংশ্লিষ্ট ছাত্রসংগঠনগুলোর নেতাদের সঙ্গে আলাপ করে এমন মনোভাবের আভাস পাওয়া গেছে।
একাধিক ছাত্রনেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদলের ভাবনায় রয়েছে, ভিপি পদে তাদের সংগঠন থেকে প্রার্থী দিয়ে জিএস ও এজিএস পদের প্রার্থী হোক ভিন্ন সংগঠন থেকে। এরই মধ্যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সমন্বয়ের চেষ্টা করা হচ্ছে। আর বামধারার প্রগতিশীল ছাত্রজোট চাইছে, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে প্যানেল করতে।
ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট ও কোটা সংস্কারের সঙ্গে জড়িত ছাত্রনেতারা বলছেন, তফসিল ঘোষণার আগে প্রার্থিতা কীভাবে হবে, ভোটার কারা হবে, তা পরিষ্কার নয়। সর্বোপরি ডাকসুর গঠনতন্ত্র সংশোধন হতে হবে। সেক্ষেত্রে তফসিলের আগে সিদ্ধান্ত চূড়ান্ত করা কঠিন। তবে ভিপি, জিএস এবং এজিএস পদের প্রার্থিতা নিয়ে ছাত্রদল এবং প্রগতিশীল ছাত্রজোটে আলোচনা শুরু হয়েছে।
ঢাবি ছাত্রদলের একাধিক নেতা জানান, ছাত্র শিবিরকে বাদ দিয়ে প্রগতিশীল বাম সংগঠন ও কোটা সংস্কারের আন্দোলনে যুক্ত সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে প্যানেল করতে চান তারা। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একাধিক ছাত্রনেতা বাংলা ট্রিবিউনকে জানান, ভোট সুষ্ঠু হওয়ার নিশ্চয়তা ও বাস্তবতা তৈরি হওয়া সাপেক্ষে ডাকসু নির্বাচনে অংশ নেবে ছাত্রদল ও অন্যান্য সংগঠন।
ঢাবির ছাত্রদলের একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানান, ভিপি পদে প্রার্থী হওয়ার ক্ষেত্রে আল মেহেদি তালুক, আবুল বাশার এবং সাইফ মাহমুদ জুয়েলের নাম আলোচনায় আছে। তবে এসব আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ের।
ছাত্রদলের নেতারা চাইছেন, সমন্বিত প্যানেল থেকে ভিপি পদে ছাত্রদল, জিএস পদে বাম সংগঠন এবং এজিএস পদে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে প্রার্থী করতে। এতে ছাত্রলীগের প্যানেলের বিরুদ্ধে বিজয়ী হওয়া সহজ বলে মনে তারা মনে করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক মওদুদ হোসেন মঈন বলেন, ‘শিবিরের অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। তাদের বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। তবে সবার আগে ভোটের পরিবেশ এবং ভোট দেওয়ার নিশ্চয়তা দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অবশ্যই তা পরিষ্কার করতে হবে।’
জানতে চাইলে ছাত্রদলের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাম্পাসে আমরা সবার আগে সহাবস্থান নিশ্চিত করতে চাই। আমাদের বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা যেন নিরাপদে কাজ করতে পারেন, সেটা দেখবো। আমরা নির্বাচনের বিষয়ে ইতিবাচক। তবে সবকিছু বলতে পারবো তফসিলের পর।’
ছাত্রদল সূত্র জানায়, সমন্বিতভাবে নির্বাচনের জন্য যেকোনও ধরনের ছাড় দেবে ছাত্রদল। যথাসম্ভব যোগ্য ছাত্র-ছাত্রীকেই প্রার্থী হিসেবে করতে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে সংগঠনে। একইসঙ্গে ছাত্রদলের অভিভাবক সংগঠন বিএনপির হাইকমান্ডও সতর্কভাবে ডাকসু নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
বামধারাসহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোও চাইছে সহাবস্থান নিশ্চিত হোক সবার আগে। নির্বাচনের বিষয়ে ইতিবাচক হওয়ার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে যোগ্য প্রার্থী দেওয়ার চিন্তাও রয়েছে কয়েকটি সংগঠনের।
ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল হক ইশতিয়াক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডাকসু নির্বাচনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তবে আমরা আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করছি, নির্বাচনে আমাদের কোনও দাবিকেই প্রশাসন নজরে আনছে না। নির্বাচনের কেন্দ্র হলগুলো বাইরে একাডেমিক ভবনে আনা, ক্যাম্পাসে সহাবস্থানসহ জরুরি দাবিগুলো মানা হচ্ছে না। তবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। ক্যাম্পাসে অপরাপর প্রগতিশীল ও গ্রহণযোগ্য নেতৃত্বের সমন্বয়ে যৌথ প্যানেলের ভিত্তিতে আমরা নির্বাচনে অংশ নেবো।’
ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাজীব দাশ বলেন, ‘এখন পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। গঠনতন্ত্র সংশোধনের পরই আমাদের সামনে পরিষ্কার হবে, নির্বাচন কীভাবে, কোন প্রক্রিয়ায় হবে। প্যানেলের ক্ষেত্রে শুধু ছাত্রজোটই নয়, প্রগতিশীল চিন্তা-ভাবনায় জড়িত শিক্ষার্থীদের সবাইকে সঙ্গে নিয়েই আমরা নির্বাচন করার চেষ্টা করছি। তবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে আরও সময় লাগবে। সবকিছু আলোচনার পর্যায়েই রয়েছে।’
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা নিজেদের মধ্যে আলোচনা করছি। আমরা চাই তফসিল হোক, এরপর প্যানেল ঘোষণা করবো। আমরা আপাতত নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি, স্বতন্ত্রভাবে নির্বাচন করবো।’ তিনি বলেন, ‘তবে কারও সঙ্গে জোট বাঁধলেও পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করবে। এ বিষয়টি পরে বিবেচনা করবো।’
এই সংগঠনগুলোর বাইরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পূর্ণ প্যানেলে নির্বাচনের প্রস্তুতি নিলেও ‘অলিখিতভাবে ঢাবিতে নিষিদ্ধ’ ছাত্র শিবির এখনও সিদ্ধান্ত নেয়নি। তবে ছাত্রদল কোনও অবস্থাতেই ছাত্র শিবিরকে যুক্ত করে নির্বাচনে যেতে চায় না।
ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রশিবির সাধারণ ছাত্রদের অধিকার রক্ষায় সব সময় সোচ্চার। ডাকসু নির্বাচনে অংশগ্রহণ নিয়ে ছাত্রশিবির এখনও সিদ্ধান্ত নেয়নি।সামনে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে। তবে অতীতে ডাকসুর সব নির্বাচনে ছাত্রশিবির অংশগ্রহণ করেছিল।’

/এইচআই/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম