ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) ২০১৯ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে দৈনিক ইত্তেফাকের চিফ রিপোর্টার আবুল খায়ের ও দৈনিক সময়ের আলো’র ক্রাইম চিফ আলমগীর হোসেন।
রবিবার (২৭ জানুয়ারি) রাজধানীর একটি রেস্তোরাঁয় ডিজাব-এর সাধারণ সভা শেষে সদস্যদের ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
২০১৯ সালের জন্য একবছর মেয়াদে নির্বাচিত ১২ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন— সহসভাপতি ইউএনবি'র মুহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক একুশে টিভির মিরাজ মিজু, অর্থ সম্পাদক বণিক বার্তা'র আয়নাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএ টিভির এম এম বাদশাহ, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক ভোরের কাগজের আসলাম রহমান, ক্রীড়া ও প্রশিক্ষণ সম্পাদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কামাল হোসেন তালুকদার এবং দফতর সম্পাদক দ্য ডেইলি সান-এর আহমেদ উল্লাহ। এছাড়া, তিনজন কার্যনির্বাহী সদস্য হলেন— দৈনিক যুগান্তরের চিফ রিপোর্টার মাসুদ করিম, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন এবং ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মামুনুর রশীদ।
এর আগে মহাখালীর আনন্দ রেস্টুরেন্টে ‘ডিজাব নাইট-২০১৮’ অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, একুশে টিভির সিইও ও বিএফইউজে'র সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সশস্ত্রবাহিনী ও আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) ঊর্ধ্বতন কর্মকর্তারা।








