নিউরোস্পাইন সংক্রান্ত সমস্যায় আক্রান্ত হয়ে অনেক রোগী প্যারালাইজড (পঙ্গু) হয়ে যায়। অনেক রোগী শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন। তাই এ বিষয়ে সচেতনতা জরুরি। আজ বুধবার (৩০ জানুয়ারি) নিউরোস্পাইন বিষয়ক জাতীয় সম্মেলন ও ক্যাডাভেরিক কর্মশালা’র উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। আজ সকালে বিএসএমএমইউ এর ডি ব্লকের একাদশ তলায় আইএনএম অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, এ কর্মশালা সংশ্লিষ্ট চিকিৎসকদের দক্ষতা যেমন বাড়াবে তেমনই এ ধরনের রোগীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিউরোস্পাইনের নানা জটিলতা ও সমস্যায় আক্রান্ত রোগীদের সেবার পরিধি আরও বাড়াতে বিশ্ববিদ্যালয়ে নিউরোস্পাইন উইং চালুসহ প্রয়োজনীয় পদগুলো সৃষ্টি করা হয়েছে।
স্বাগত বক্তব্যে নিউরোস্পাইন সোসাইটি অফ বাংলাদেশ-এর সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, বাংলাদেশের চিকিৎসা পেশার কিংবদন্তি প্রয়াত অধ্যাপক রশিদ উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে তৎকালীন আইপিজিএমআর-এ নিউরোসার্জারি চিকিৎসা শুরু হয়। পরবর্তীতে প্রয়াত অধ্যাপক এ এইচ আহসান উল্লাহ, প্রয়াত অধ্যাপক আতা এলাহী খান এবং প্রয়াত অধ্যাপক এম এ কাদরী নিউরোসার্জারিকে সমৃদ্ধ করেন। ঠিক তখন থেকেই এদেশে নিউরোসার্জারির পাশাপাশি স্পাইন নিউরোসার্জারি শুরু হয়। ১৯৯৮ সালে প্রফেসর রশিদ উদ্দিন আহমেদ এবং বর্তমানে উপাচার্য’র নেতৃত্বে এদেশে বাংলাদেশ সোসাইটি অফ নিউরোসার্জারি গঠিত হয়।
তিনি বলেন, দেশে মেরুদণ্ডের রোগীর সংখ্যা বেড়েই চলেছে। দেশে বর্তমানে প্রায় দেড়শ’ জন নিউরোসার্জন মস্তিষ্কের পাশাপাশি মেরুদণ্ডের রোগীদের সার্জিক্যাল চিকিৎসাসেবা দিয়েছেন। এরই প্রেক্ষাপটে ২০১৫ সালে নিউরোস্পাইন সোসাইটি অফ বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। বর্তমানে নিউরোস্পাইনাল সোসাইটি দেশের নিউরোস্পাইন সার্জনদের সার্জারি দক্ষতা বাড়াতে কাজ করে যাচ্ছে।
তিনি বিএসএমএমইউ’র গণ্ডি পেরিয়ে দেশের সব মেডিক্যাল কলেজে স্পাইনাল নিউরোসার্জারির পদ সৃষ্টি এবং আধুনিক যন্ত্রপাতির ব্যবস্থা করার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএসএমএমইউ এর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. এম এ আজিজ।
সভাপতিত্ব করেন নিউরোস্পাইন সোসাইটি অফ বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ডা. আবুল খায়ের।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন এই বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এটিএম মোশারেফ হোসেন। বিদেশি ফ্যাকাল্টি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের অধ্যাপক পি. শরৎ চন্দ্র ও যুক্তরাজ্যের ক্রিস্টোফার জন জারবার। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সহ-সভাপতি ডা. আসিত চন্দ্র সরকার।








