৫ তলার কার্নিশে কুকুর, খালি হাতেই উদ্ধারে ‘রবিনহুড’!

সাদ্দিফ অভি
০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১৮

৫ তলার কার্নিশে কুকুর, খালি হাতেই উদ্ধারে ‘রবিনহুড’!

রাজধানীর পুরান ঢাকার ঠাটারিবাজার এলাকায় একটি ৭ তলা বিল্ডিংয়ের ৫ তলার কার্নিশে আটকা পড়া একটি কুকুরকে উদ্ধার করেছেন আফজাল খান নামের এক ব্যক্তি। কোনও সরঞ্জাম ছাড়াই এই উদ্ধার অভিযান সফলভাবে সম্পন্ন করে সবাইকে চমকে দিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে নিরীহ প্রাণীদের জন্য নিবেদিত থাকায় ইতোমধ্যে ‘রবিনহুড’ হিসেবে পরিচিতি লাভ করেছেন এই ব্যক্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাড়ির ৫ তলার কার্নিশে একটি কুকুর আটকে আছে বলে ভিডিও পোস্ট করেন পুরান ঢাকার বাসিন্দা রামিক আহমেদ। প্রাণীদের জন্য কাজ করা ফেসবুক গ্রুপ ‘রবিনহুড দ্য অ্যানিমেল রেস্কিউয়ার’ গ্রুপে এই সাহায্য চেয়ে পোস্ট করেন তিনি। বিষয়টি দেখে সেই রাতেই ছুটে যান আফজাল খান। তার সঙ্গে উদ্ধারের কোনও যন্ত্রপাতিও ছিল না। নিজের সঙ্গে থাকা স্বেচ্ছাসেবক এবং আশপাশের মানুষের সহযোগিতায় পাশের বিল্ডিংয়ের ৮ তলা থেকে দুই বিল্ডিংয়ের মাঝখান দিয়ে তিনি নামেন সেই কার্নিশে। এরপর স্থানীয়ভাবে সংগ্রহ করা দড়ি এবং কাপড় ব্যবহার করে এবং দুই বিল্ডিংয়ের কার্নিশে পা রেখে রাত সোয়া ১১টার কিছু পরে কুকুরটিকে উদ্ধার করে নিচে নেমে আসেন। 

এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ সম্পর্কে আফজাল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রেলওয়ে কলোনিতে অনেকগুলো কুকুর মেরে ফেলার কথা শুনে আমি প্রথমে সেখানে যাই। সেখানে থাকা অবস্থায় আমাদের যেই ফেসবুক গ্রুপ আছে, সেখানে পোস্ট আসে যে- ৭ তলা বিল্ডিংয়ের ৫ তলার কার্নিশে একটি কুকুর আটকে আছে। বিষয়টি মানতে কষ্ট হচ্ছিল। কারণ, এতো উঁচুতে সাধারণত বিড়াল আটকে যেতে পারে, কিন্তু এতো বড় একটি কুকুর এতো ওপরে আটকানো একটা অসম্ভব ব্যাপার। নিজের চোখে বিষয়টি দেখার জন্য সেখানে গিয়েছিলাম। গিয়ে দেখি একটা বড় কুকুর কার্নিশে বসে আছে। ঘটনাটি দেখার পর আর বেশি দেরি করিনি, কুকুরটিকে উদ্ধারে নেমে পড়ি। এই প্রথমবারের মতো আমি কোনও ইকুইপমেন্ট ছাড়া কীভাবে যে নেমেছি, এটা একটা অবিশ্বাস্য ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘এভাবে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে। মানুষ বাহবা দিচ্ছে, প্রশংসা করছে কিন্তু কেউ সাহায্য করছে না। আমাকে উপাধি দিচ্ছে, হিরো বলছে। কিন্তু এই কাজগুলো করতে তো আর্থিক একটা বিষয় আছে। আর্থিকভাবে আমার খুব কষ্ট হচ্ছে। কারণ আমার বাসায় আছে ৫৩টি কুকুর-বিড়াল। এদের প্রতিদিনের খাবার, ওষুধ, চিকিৎসা বাবদ যেই খরচ হয়, সেটা আমাকে নিজেই বহন করতে হয়। কেউ সহযোগিতা করতে চায় না। তারপর কোনও কুকুর কিংবা বিড়াল উদ্ধারে গেলে সেখানেও কিছু খরচ আছে, সব মিলিয়ে আমার আসলেই খুব কষ্ট হচ্ছে।’    

প্রতি মাসে ৭০-৮০ হাজার টাকা খরচ হয় জানিয়ে তিনি বলেন, ‘আমার আসলে একটা জায়গা দরকার হয়ে পড়েছে। আমার প্রতি মাসে ৭০-৮০ হাজার টাকা খরচ হয় সব মিলিয়ে। ২৩০ কেজি মুরগি লাগে, ৯০ কেজি চাল লাগে, ১৫০টির মতো ডিম লাগে। এরপর আমাদের সঙ্গে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন, তাদের আসা যাওয়ার ভাড়া দেওয়া, কোথাও কোনও ক্যাম্পেইন করলে সেখানে কিছু খরচ আছে। আমরা আমাদের এনজিওটিকে সরকারিভাবে নিবন্ধন করে ফেলছি। আমাদের লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার তানিয়া আমির। এটার এখন রেজিস্টার্ড নাম হচ্ছে- অ্যানিমেল কেয়ার ট্রাস্ট বাংলাদেশ।’

প্রাণীদের জন্য একটি হাসপাতাল করার পরিকল্পনার কথা জানিয়ে আফজাল বলেন, ‘ঢাকা শহরে যত অক্ষম কুকুর-বিড়াল আছে, তাদের জন্য আলাদা আলাদা জোন থাকবে সেখানে। একটা অ্যাকোমডেশন সেন্টার থাকবে। এগুলো মিলিয়ে আমরা একটি জায়গা করতে চাই প্রাণীদের জন্য। প্রাণীদের জন্য এসব কাজে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি যদি আমাদের একটি জায়গা করে দিতেন, আমরা কাজ করতে পারতাম। আমাদের ছোট্ট একটি অ্যাম্বুলেন্স খুব দরকার। কারণ রাস্তার কোনও আহত কুকুর কিংবা বিড়ালকে রক্তাক্ত অবস্থায় কেউ যানবাহনে নিতে চান না। এতে দেখা যায়, চিকিৎসাস্থলে পৌঁছানোর আগেই অনেক প্রাণী মারা যায়। এছাড়া আমরা যখন উদ্ধারে যাই, আমাদের যন্ত্রপাতি বাইকে করে নিয়ে যাই। এটা খুবই রিস্কি।’

জানা যায়, ২০১০ সাল থেকে আহত এবং বিপন্ন কুকুর বিড়ালকে সেবা দিয়ে আসছেন আফজাল খান। গড়ে তুলেছেন ‘রবিনহুড, দ্যা অ্যানিমেল রেসকিউয়ার’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আফজাল খান ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ শেষ করে পৈত্রিক ব্যবসা দেখাশোনা করছেন। অভিনয় ও মডেলিং তার পেশা এবং দুর্ঘটনায় আক্রান্ত কুকুর-বিড়ালকে উদ্ধার, সেগুলোর সেবা ও আশ্রয় নিশ্চিত করা তার নেশা। এখন পর্যন্ত ৫শ’র বেশি আহত, অসুস্থ এবং অবহেলিত কুকুর বিড়ালকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন তিনি।

কুকুরটি উদ্ধারের সময় ঘটনাস্থল থেকে তোলা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের পেজে শেয়ার করেছেন রামিক আহমেদ নামে এক ব্যক্তি। দেখুন তার কমেন্টসহ ভিডিও:

 
/এসও/এএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম