ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ২৯টি দাহ্য পদার্থের মধ্যে কোনও একটি যেসব দোকান বা গোডাউনে পাওয়া যাবে সেগুলো সিলাগালা করে দেওয়া হবে। তাদের ট্রেড লাইসেন্স বাতিল করে আইনের আওতায় আনা হবে।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বাবুবাজার এলাকায় কেমিক্যাল ব্যবসায়ীদের দোকানের ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
সাঈদ খোকন বলেন, ‘আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে একমত হয়েছি যে, ২৯টি কেমিক্যাল অত্যন্ত দাহ্য। এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এগুলো থেকে যেকোনও সময় অগ্নিকাণ্ড ঘটতে পারে। এই দাহ্য পদার্থগুলো যেসব দোকান বা গোডাউনে পাওয়া যাবে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সেসব সিলগালা করে আইনের আওতায় আনা হবে। এছাড়া আইন প্রয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোর হাতে দমন করা হবে।’
সাঈদ খোকন জানান, এফবিসিসিআই, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরাসহ সবাই একমত হয়েছেন যে কমিটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। তাদের সবাই সহযোগিতা করবেন।
তিনি বলেন, ‘আমাদের পরিদর্শনের সময় যেসব দোকানে এসব ঝুঁকিপূর্ণ কেমিক্যাল পাওয়া যাবে না, তাদের তাৎক্ষণিকভাবে ট্রেড লাইসেন্স ও অন্যান্য সহযোগিতা দেওয়া হবে।’
ব্যবসায়ীদের উদ্দেশে সাঈদ খোকন বলেন, ‘যে কেমিক্যালগুলো ঝুঁকিপূর্ণ নয়, সেগুলো স্যাম্পল হিসেবে দোকানে সাজাবেন। অতিরিক্ত কেমিক্যাল বোঝাই করবেন না। যেগুলো বেচবেন, সেগুলো আশাপাশের বাসা-বাড়ি বা গোডাউনে না রেখে একটু দূরে কোথাও গোডাউন করে রাখবেন। সেখান থেকে সাপ্লাই দেবেন।’
ট্রেড লাইসেন্স নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ঝুঁকিপূর্ণ পদার্থ না থাকায় পাঁচটি প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স নবায়ন করে দেওয়া হয়।








