ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব রাখার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীরা। রবিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নি শৈমং মার্মা। তাদের দাবি হলো—ডাকসু নির্বাচনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্য থেকে ন্যূনতম প্রতিনিধিত্ব নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের জন্য পাঁচ শতাংশ শিক্ষা কোটা বাস্তবায়ন, প্রয়োজনীয় আবাসিক সিট সংরক্ষণ- বিশেষ করে জগন্নাথ হলে নির্মিতব্য রবীন্দ্রভবনে পর্যাপ্ত সিট রাখার ব্যবস্থা, ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীদের বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে মূল ধারার সংস্কৃতির মেলবন্ধনের লক্ষ্যে সাংস্কৃতিক ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রম চর্চা করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে নির্দিষ্ট কক্ষ রাখা।
দাবির মধ্যে আরও রয়েছে— ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য পর্যাপ্ত সহযোগিতা দেওয়া, ভাষাবিজ্ঞান বিভাগের অধীনে ভাষা ও সংস্কৃতি সংগ্রহশালা নির্মাণ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে ক্ষুদ্র-নৃগোষ্ঠীবিষয়ক জার্নাল ও পুস্তক সংরক্ষিত রাখা, পার্বত্য চট্টগ্রামের প্রধানতম সামাজিক উৎসব (বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু-বিষু) উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐচ্ছিক ছুটির ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সমতল অঞ্চলের ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীদের প্রধান সামাজিক উৎসবগুলো পালন করার জন্য ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রাখা এবং অসচ্ছল শিক্ষার্থীদের জন্য ট্রাস্ট ফান্ড ও বৃত্তির ব্যবস্থা রাখা।








