রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা মোড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন ও ঘটনাস্থল পরিদর্শন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে এবং তাতে আগুন লাগার যথাযথ কারণ ও সুপারিশমালা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চুড়িহাট্টা মোড়ের ঘটনাস্থল পরিদর্শন করেন আইইবির তদন্ত কমিটি। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত হাজী ওয়াহেদ ম্যানশন ভবনের দ্বিতীয় তলার বিভিন্ন স্থান কমিটির সদস্যরা ঘুরে দেখেন এবং মোড়ের ক্ষতিগ্রস্ত অন্য ভবনগুলো পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে কমিটির সদস্য আইইবির সহকারী সাধারণ সম্পাদক ও তদন্ত কমিটির সদস্য প্রকৌশলী কাজী খায়রুল বাশার সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সব কিছু দেখেছি। প্রয়োজনীয় সব ছবি সংগ্রহ করা হয়েছে। আমাদের এই কমিটিতে বুয়েটের কেমিক্যাল, ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগসহ প্রকৌশলীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়ছে।’
তিনি আরও বলেন, ‘পরিদর্শন করে আমরা যা পেয়েছি, তা একটি পূর্ণাঙ্গ রিপোর্ট বলা হবে। তদন্ত রিপোর্ট প্রকাশের আগে কোনও কিছুই বলতে চাচ্ছি না।’
গত ২৩ ফেব্রুয়ারি চুড়িহাট্টা মোড়ে ভয়াবহ আগুনের ঘটনায় যথাযথ কারণ অনুসন্ধান ও সুপারিশমালা প্রণয়নে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) এর ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। আইইবি'র সাবেক প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুল হুদাকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন- আইইবি'র কেন্দ্রীয় কাউন্সিল সদস্য প্রকৌশলী মো. হামিদুল হক, প্রফেসর ড. মুনাজ আহমেদ নুর, তড়িৎকৌশল বিভাগের প্রকৌশলী ড. ইয়াছির আরাফাত, কেমিক্যাল বিভাগের প্রকৌশলী কাজী বায়েজিদ কবির, সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী খায়রুল বাশার।








