আসন্ন ঢাকা বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রগতিশীল ছাত্রজোটের প্যানেলে সাধারণ সম্পাদক (জিএস) পদে উম্মে হাবিবা বেনজিরকে প্রার্থী ঘোষণা করা হয়। সোমবার বিশ^বিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এই জোটের পক্ষ থেকে লিটন নন্দীকে ভিপি এবং বেনজিরকে জিএস করে প্যানেল ঘোষণা করা হয়। কিন্তু ভোটার তালিকাতে এই প্রার্থীর (বেনজির) নাম না আসায় তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়েছেন ডাকসু নির্বাচন পরিচালনায় নিযুক্ত প্রধান রিটার্নিং অফিসার মাহফুজুর রহমান।
বেনজির ২০১০-২০১১ শিক্ষাবর্ষে পরিসংখ্যান বিভাগে ভর্তি হন। ২০১৪ সালে তিনি স্নাতক পাস করেন। ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তিনি সমাজকল্যাণ ও গবেষণা বিভাগে স্পেশাল মাস্টার্সে ভর্তি হন। রবিবার (২৪ ফেব্রুয়ারি) তিনি ভর্তির কাজ শেষ করেন। এর আগে ২০ ফেব্রুয়ারি বিশ^বিদ্যালয়ের প্রশাসন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন। সেখানে তার নাম আসেনি। প্রকাশিত ভোটার তালিকাতে যাদের নাম রয়েছে শুধু তারাই প্রার্থী হতে পারবেন বলে প্রধান রিটার্নিং অফিসার নিশ্চিত করেছেন। বেনজির প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন ফরম নিয়েছেন। আগামীকাল মঙ্গলবার যা জমা দেওয়ার কথা।
এই বিষয়ে জানতে চাইলে জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সঠিক সময়ে গিয়ে আমি ভিসি স্যারকে ভর্তির বিষয়টি জানিয়েছি। কিন্তু তিনি কিছুদিন আগে আমাকে ভর্তির অনুমতি দিয়েছেন। ঠিক সময় আমাকে ভর্তির অনুমতি দিলে আমি নির্বাচন করতে পারতাম।’
প্রধান রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২০ ফেব্রুয়ারি যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছে সে তালিকাতে যাদের নাম রয়েছে শুধুই তারাই প্রার্থী হতে পারবেন।’
প্রগতিশীল ছাত্রজোটের জিএস প্রার্থীর বিষয়ে জানতে চাইলে এই প্রার্থী নির্বাচন করতে পারবেন না বলে জানান।








