রাজধানীর মিরপুর রোডের কলাবাগানে ঠিকানা পরিবহনের একটি বাস একজন যাত্রীকে চাপা দিয়েছে। তার নাম সুমিত চন্দ্র সাহা। মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। আহত সুমিতকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুমিত দৈনিক আলোকিত বাংলাদেশের বিজ্ঞাপন বিভাগে চাকরি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে সড়কের মাঝখানে বাসটি দাঁড় করিয়ে কয়েকজন যাত্রী তুলছিল। একপর্যায়ে হঠাৎ করে বাসটি ওই যাত্রীকে না নিয়ে টান দেয়। এসময় ওই যাত্রী ছিটকে নিচে পড়ে গেলে তার পায়ের ওপর দিয়ে বাসটি চলে যায়। এতে তার বাম পা দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিকভাবে আশেপাশের লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ওবায়দুর রহমান জানান, মিরপুর রোডে রাসেল স্কয়ার মোড় পার হওয়ার পর নির্ধারিত স্টপেজের বাইরে সড়কের মাঝখানে বাসটিতে যাত্রী তুলছিল হেলপার। তিন-চারজন যাত্রী তোলার পর পেছনে জ্যাম সৃষ্টি হয়। এসময় সুমিতকে বাসে উঠতে বাধা দেয় হেলপার। তিনি বাসে উঠতে চাইলে হেলপার তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে পড়েন। একই সময় চালক বাসটি ছেড়ে দিলে সুমিতের পায়ের ওপর দিয়ে বাসটি চলে যায়।
এ ঘটনার পরপরই যাত্রী রেখেই গাড়ি চলন্ত অবস্থায় বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে সেখানকার দায়িত্বরত ট্রাফিক পুলিশ ও কলাবাগান থানার পুলিশ বাসটি জব্দ করে।








