বিশ্বে প্রতিবছর জন্মত্রুটি নিয়ে তিন থেকে ছয় শতাংশ শিশু জন্মগ্রহণ করছে— এমন তথ্য জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সুস্থভাবে জন্ম ও বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে।
বিশ্ব জন্মত্রুটি দিবস উপলক্ষে রবিবার (৩ মার্চ) রাজধানীর মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এমআইএসটির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ‘বিশ্ব জন্মত্রুটি দিবস: সামাজিক সচেতনতা ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।
বিশ্বব্যাপী সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৫ সাল থেকে প্রতিবছর ৩ মার্চ ‘বিশ্ব জন্মত্রুটি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
সেমিনারে জন্মত্রুটি নিয়ন্ত্রণে সচেতনতা ও প্রতিরোধের বিষয়ে ঢাকা মেডিক্যাল কলেজ, সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল এবং আর্মড ফোর্সের মেডিক্যাল কলেজের আমন্ত্রিত ব্যক্তিরা বক্তব্য দেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইএসটি কমান্ড্যান্ট। এছাড়াও সব ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের পাস করা শিক্ষার্থীদের জন্য ‘জব ফেয়ার - ২০১৯’ আয়োজন করা হয়।








