ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের কারণে বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচল বন্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি। আর এর প্রভাব পড়েছে পুরো নগরীজুড়ে। সোমবার (১১ মার্চ) সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে তীব্র যানজট দেখা যায়। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষেরা।
সকাল থেকে নিউ মার্কেট, শাহবাগ, মৎস্য ভবন, হোটেল রূপসী বাংলার মোড়, রমনা ও আশপাশের এলাকার সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকা পড়ে সৃষ্টি হয় যানজটের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর অন্যান্য এলাকার সড়কেও যানজট দেখা দেয়।
এদিকে, ডাকসু নির্বাচনের কারণে রাস্তা বন্ধ থাকায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন। রাজধানীর রামপুরা থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী নিয়ে আসেন মো. লোকমান আলী। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাস্তায় অনেক জ্যাম ছিল। পুলিশ হাইকোর্টের সামনে দিয়ে গাড়ি আসতে দেয়নি। অনেক রাস্তা ঘুরে আনন্দ বাজারের সামনে দিয়ে আসতে হয়েছে।’
যাত্রাবাড়ী থেকে রোগী নিয়ে ঢামেকে এসেছেন আব্দুল মিয়া। তিনি বলেন, ‘রাস্তায় অনেক যানজট। অনেক সময় ধরে গাড়ি জ্যামে আটকে ছিল।’
বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদন উদিসা ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে রওনা দিয়ে শেওড়াপাড়া থেকে শুক্রবাদ আসতে তার সময় লেগেছে দুই ঘণ্টা। অন্যান্য দিন এ রাস্তা দিয়ে তিনি ৪০ মিনিটে অফিসে পৌঁছান। শিশুমেলা থেকে শুক্রবাদ পর্যন্ত যানজট বেশি ছিল বলে তিনি জানান।








