নুরুল হক নুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হওয়ার একদিন পরেই গ্রন্থাগার ভবনের সামনের একটি গাছে ‘নুর চত্বর’ সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে। বুধবার (১৩ মার্চ) সকালে ক্যাম্পাসে গেলে নুর চত্বর লেখা ওই সাইবোর্ড ঝুলতে দেখা যায়।
ভিপি নুরের নাম থেকেই এই চত্বরের নামকরণ। এতদিন কিছু শিক্ষার্থীর মুখে মুখে নামটি থাকলেও, বিজয়ী হওয়ার একদিন পরেই সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে। তবে নুর বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৩০ জুন কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলন করতে গিয়ে হামলার শিকার হন নুরুল হক নুর। সেদিন মারাত্মক আহত নুর এক শিক্ষকের সহায়তায় রক্ষা পান। পরবর্তীতে সে স্থানকে ‘নুর চত্বর’ ঘোষণা দিয়ে পাশের একটি গাছে সাইনবোর্ড লাগানো হয়েছিল। কিন্তু লাগানোর পরপরই সেই সাইনবোর্ড কেউ সরিয়ে নেয়।
গ্রন্থাগার ভবনের সামনের এক চা দোকানের কর্মচারীকে ‘সাইনবোর্ড কে বা কারা ঝুলিয়েছেন’ এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গতকাল (মঙ্গলবার) এমন কোনও সাইনবোর্ড ছিল না। সকালে (বুধবার) দোকান খোলার আগে কেউ লাগিয়েছে।’
এদিকে নূর বিষয়টি নিয়ে অবগত নন বলে বাংলা ট্রিবিউনকে জানান।
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এর যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতবছর কোটা আন্দোলনের সময় একটি সাইনবোর্ড লাগানো হয়েছিল। ওইখানেই নূরের ওপর হামলা চালানোর পরিপ্রেক্ষিতে ওইটা করা হয়েছিল। কিন্তু পরে সেই সাইনবোর্ড কে বা কারা সরিয়ে নেয়। আবারও কেউ নতুন করে লাগিয়ে থাকতে পারে।’








