সাবেক রাষ্ট্রদূত এটিএম নজরুল ইসলাম বলেছেন, ‘জঙ্গিবাদী সন্ত্রাসীর কোনও পরিচয় নেই, কোনও ধর্ম নেই, কোনও জাতি নেই। সেটা আজ থেকে অনেক বছর আগে থেকেই আমরা জানি; যখন ‘৯/১১’-এর সময় ওসামা বিন লাদেন নিউইয়র্কে একটি ভবন উড়িয়ে দিলেন। তিন হাজার লোক নিহত হলো। আজকে নিউ জিল্যান্ডের যে ঘটনা ঘটলো সেটাও সন্ত্রাসী হামলা।’
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘পর্যবেক্ষণে নিউ জিল্যান্ডের সন্ত্রাসী হামলা’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
এ সময় এটিএম নজরুল ইসলাম আরও বলেন, ‘নিউ জিল্যান্ড ছোট একটি প্রশান্ত মহাসাগরীয় দেশ। সেখানে লোকসংখ্যা সর্বসাকুল্যে ৫০ লাখ। যা আমাদের ঢাকা শহরের এক চতুর্থাংশ। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সেখানে সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গেছে, এই ৫০ লাখ লোকের মধ্যে ১২ লাখের হাতে মারণাস্ত্র আছে। মসজিদে যে লোক হামলা করেছিল তার নামেই পাঁচটি অস্ত্র ছিল। সে অস্ট্রেলিয়ার নাগরিক এবং সে সন্ত্রাসী– এটিই তার পরিচয়।’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ, সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু, জঙ্গি বিষয়ক গবেষক ও নিরাপত্তা বিশ্লেষক নূর খান এবং বাংলা ট্রিবিউনের ক্রীড়া সম্পাদক আসিফ আহমেদ রম্য।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।








