বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল আহসান পিন্টু বলেছেন, ‘পশ্চিমা গণমাধ্যম কিংবা গবেষকরা কোনও অমুসলিমের সন্ত্রাসী হামলার ঘটনা খুব একটা প্রচার করে না। যতোটা প্রচার হয় একজন মুসলিম টেরোরিস্ট বা ইসলামিস্ট যখন কোনও ঘটনা ঘটায়, এক্ষেত্রে ততোটা হয় না। সেটি আমরা আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে দেখেছিলাম, একজন মুসলিম যখন একটি ঘটনা ঘটায় তখন সেটি একজন অমুসলিমের তুলনায় ৩৫৭ গুণ বেশি প্রচার পায়। এটি একটি সমীক্ষার কথা।’
দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হলো ‘পর্যবেক্ষণে নিউ জিল্যান্ডের সন্ত্রাসী হামলা’ শীর্ষক বৈঠকি। মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছে বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
জায়েদুল আহসান পিন্টু বলেন, ‘পশ্চিমারা ইসলামিস্টদের ব্যাপারে গবেষণায় যতো শ্রম ব্যয় করে, অমুসলিমদের ক্ষেত্রে ততোটা করে না। তাই নিউ জিল্যান্ডে ব্রেন্টনের এই হামলার ঘটনাকে আমি একক বিচ্ছিন্ন ঘটনা বলতে রাজি নই। দীর্ঘদিন ধরে ইউরোপ এবং আমেরিকার সমাজে ব্রেন্টন যে তত্ত্ব প্রচার করেছে, সেটির চর্চা সেখানে হচ্ছে। আমরা এই অঞ্চলের মানুষ সে বিষয়ে ততোটা জানি না।’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ, সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক রাষ্ট্রদূত এটিএম নজরুল ইসলাম, জঙ্গি বিষয়ক গবেষক ও নিরাপত্তা বিশ্লেষক নূর খান এবং বাংলা ট্রিবিউনের ক্রীড়া সম্পাদক আসিফ আহমেদ রম্য।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।
ছবি: নাসিরুল ইসলাম








