ওসির সাক্ষ্য, হলি আর্টিজানে হামলার সময় ‘আল্লাহু আকবর’ ধ্বনি দিয়েছিল সন্ত্রাসীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ১৮:০২আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৯:১২

হলি আর্টিজানে জঙ্গি হামলা প্রতিরোধ (ফাইল ছবি)

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার সময় সন্ত্রাসীরা `আল্লাহু আকবর' ধ্বনি দিয়ে গুলি ও বোমা নিক্ষেপ করতে থাকে বলে আদালতে সাক্ষ্য দিয়েছেন তৎকালীন গুলশান থানার ওসি সালাউদ্দিন মিয়া। বর্তমানে তিনি রাজধানীর শাহ আলী থানায় কর্মরত রয়েছেন।

বুধবার (২৭ মার্চ) ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালত সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী শুনানির জন্য আগামী ৩ এপ্রিল দিন ধার্য করেন।

ওসি সালাউদ্দিন জবানবন্দিতে বলেন, ২০১৬ সালের ১ জুলাই গুলশান হলি আর্টিজান বেকারিতে গোলাগুলির শব্দ শুনতে পাই। সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে যাই। ঘটনাস্থলে এসআই ফারুকসহ অনেক পুলিশ সদস্যকে দেখতে পাই। সন্ত্রাসীরা ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে গুলি ও বোমা নিক্ষেপ শুরু করে। এরপর ঘটনাস্থলের আশেপাশের এলাকা পুলিশ ঘিরে ফেলে। ওই সময় পুলিশ সদস্যসহ ৩০/৩৫ জন লোক গুরুতর আহত হলে পাশের হাসপাতালে তাদের ভর্তি করানো হয়। এর কিছুক্ষণ পরেই বনানী থানার ওসি সালাউদ্দিনের মৃত্যুর খবর শুনতে পাই। এরপর সন্ত্রাসীদের গ্রেফতার ও সেখানে থাকা দেশি-বিদেশিদের উদ্ধার করতে অভিযান চালাই।

প্রসঙ্গত: ওই হামলার ঘটনার সময় বনানী থানার ওসির দায়িত্বে ছিলেন সালাউদ্দিন (যিনি হলি আর্টিজানে ঢোকার সময় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে মারা যান) এবং গুলশান থানার ওসির দায়িত্বে ছিলেন সালাউদ্দিন মিয়া।

বক্তব্য শেষ হলে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ ওসি সালাউদ্দিনকে জেরা করেন। জেরা শেষে আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ এপ্রিল দিন ঠিক করেন।

এ পর্যন্ত মামলাটির ২৬ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম চৌধুরী মামলাটি পরিচালনা করেন। গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় ২০১৮ সালের ২৬ নভেম্বর ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এর আগে গত বছরের ৮ আগস্ট এসব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র গ্রহণ করা হয়। ওই বছরের ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির মামলাটির সিএমএম আদালতের জিআর শাখায় মামলাটির অভিযোগপত্র দাখিল করেন। এরপর ২৬ জুলাই সিএমএম আদালত মামলাটি ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন।

অভিযোগপত্রে ২১ জনকে আসামি করা হয়। এদের মধ্যে ১৩ জন ওই হামলা ও পরে সিটিটিসি ইউনিটের অভিযানে নিহত হওয়ায় তাদেরও অব্যাহতি দেওয়া হয়েছে। নিহত ১৩ জনের মধ্যে ৮ জন বিভিন্ন অভিযানের সময় এবং ৫ জন ঘটনাস্থলে নিহত হয়।

অভিযোগপত্রে উল্লিখিত ৮ আসামি হলেন, হামলার মূল সমন্বয়ক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‌্যাশ, ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ।

এদের মধ্যে পলাতক আসামি মামুনুর রশিদ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। বাকি ৭ জন আসামি কারাগারে আছে।

ঘটনাস্থলে মামলার অভিযোগপত্রে উল্লিখিত  ৫ আসামি নিহত হয়। তারা হলো, রোহান ইবনে ইমতিয়াজ, মীর সামেহ মোবাশ্বের, নিবরাস ইসলাম, শফিকুল ইসলাম ওরফে উজ্জ্বল ও খায়রুল ইসলাম ওরফে পায়েল। এছাড়া বিভিন্ন ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের সময় নিহত ৮ আসামি হলো, তামিম চৌধুরী, নুরুল ইসলাম মারজান, তানভীর কাদেরী, মেজর (অব.) জাহিদুল ইসলাম ওরফে মুরাদ, রায়হান কবির তারেক, সারোয়ান জাহান মানিক, বাশারুজ্জামান ওরফে চকলেট ও মিজানুর রহমান ওরফে ছোট মিজান।

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হন।

 

/টিএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি