২০০৯ সালে যাত্রা শুরুর পর ২০১৯ সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাগারে থাকা অসহায় ৫৫৮ বন্দিকে জামিনে মুক্ত করায় সহায়তা করেছে সেবামূলক সংস্থা লিগ্যাল অ্যাসিস্টেন্স টু হেল্পলেস প্রিজনার’স পারসনস (এলএএইচপি)।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর বোরাক টাওয়ারে এলএএইচপি’র নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা করিম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আমাদের সংস্থা অসহায় কারাবন্দিদের জামিনের লক্ষ্য নিয়ে কাজ করে। কোনও ব্যক্তি যদি বিনা অপরাধে আটক হন এবং অল্প অপরাধের জন্য দীর্ঘমেয়াদি সাজা ভোগ করেন অথবা দীর্ঘ বছর ধরে কারাভোগ করছেন, তাদেরই মূলত আমরা সহায়তা করে থাকি। এছাড়াও যেসব ব্যক্তি মামলাসংক্রান্ত অপরাধের সঙ্গে সম্পৃক্ত নন, কিন্তু সন্দেহভাজন হিসেবে অথবা অন্যায়ভাবে যাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে বলে তথ্য পাওয়া যায়, তাদের এলএএইচপি অসহায় হিসেবে বিবেচনা করে এবং এই ধরনের অসহায় কারাবন্দিদের জামিনের জন্য কাজ করে।’
তিনি জানান, এখন পর্যন্ত তারা ৫৫৮ জন অসহায় কারাবন্দিকে জামিনে মুক্ত করতে সহায়তা করছেন। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়ীয়া, নোয়াখালী, কক্সবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, রাজশাহী, সিরাজগঞ্জ, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জজেলায় এলএএইচপি নিয়োজিত একাধিক প্যানেল আইনজীবীদের সমন্বয়ে অসহায় কারারন্দিদের আইনি সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে দেশের সব জেলায় আইনজীবী নিয়োগের কর্মপরিকল্পনা তারা হাতে নিয়েছেন।
সংবাদ সম্মেলনে এলএএইচপি’র নির্বাহী পরিচালক রাশেদুল কাওসার ভুঁইয়া ও মিডিয়া অ্যাডভাইজার সাংবাদিক হিরা তালুকদার উপস্থিত ছিলেন।








