রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি কাঁচাবাজার ও সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে আসার পর, কাঁচাবাজারটির সামনের রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে। গুলশান-১—মহাখালী রুটটির এক পাশ দিয়ে শনিবার (৩০ মার্চ) দুপুর একটা থেকে যান চলাচল শুরু হয়। পরে দুপুর পৌনে তিনটা থেকে রাস্তার অপর পাশ দিয়েও যান চলতে থাকে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পর, যান চলাচলা শুরু হয়েছে। কাঁচাবাজারের নিরাপত্তার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
কাঁচাবাজারটিতে শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ২০১৭ সালে এই মার্কেটে আরেকবার আগুন লেগেছিল।








