শুরুতে ক্যান্সার শনাক্তকরণ ও প্রতিরোধ কাজ করতে স্বেচ্ছায় আগ্রহীদের প্রশিক্ষণ দিচ্ছে কমিউনিটি অনকোলজি সেন্টার। সোমবার (১ মার্চ) রাজধানীর লালমাটিয়ায় সেন্টারে প্রথম ব্যাচে ২০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে বিতরণ করা হয়েছে সার্টিফিকেটও।দেশের সবচেয়ে সিনিয়র অনকোলজিস্ট অধ্যাপক এম এ হাই অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এই কর্মসূচির আয়োজন করে কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ ও রোটারি ক্লাব অব ঢাকা গোল্ডেন সিটি।
প্রশিক্ষণ কার্যক্রমের পরিচালক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘১৫-২০ জন স্বেচ্ছাসেবী নিয়ে কোর্স পরিচালিত হচ্ছে। কোনও রেজিস্ট্রেশন ফি নেওয়া হয় না। যে কোনও বয়সের ও পেশার মানুষ অংশ নিয়ে ক্যান্সার সম্পর্কে প্রাথমিক ধারণা নিতে পারেন। আমরা মনে করি, ক্যান্সার প্রতিরোধে পুরো সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। এজন্য চাই প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠক, যারা ক্যান্সার সম্পর্কে ন্যূনতম ধারণা রাখবেন ও সাধারণ মানুষকে তা জানাতে পারবেন।’
ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন আরও বলেন, ‘প্রথম ব্যাচ দুই দিনের হলেও পরের ব্যাচগুলো হবে একদিনের, সকাল বিকাল দুই সেশনে।’
প্রথম ব্যাচে প্রশিক্ষণ হিসেবে আরও ছিলেন—বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় গাইনি অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাবেরা খাতুন, ঢাকা মেডিক্যাল কলেজের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক স্বপন বন্দোপাধ্যায়, সার্জিক্যাল অনকোলজির সহযোগী অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, ক্যান্সার প্রতিরোধ ও গবেষণা কেন্দ্রের নির্বাহী পরিচালক মোছাররত জাহান সৌরভ ও রোটারি ক্লাব অফ ঢাকা গোল্ডেন সিটির সভাপতি শেখ ফজলুর রহমান।
পরবর্তী ব্যাচের প্রশিক্ষণ রাজশাহীতে হবে। সম্ভাব্য তারিখ ১৩ এপ্রিল, শনিবার। আয়োজনে থাকবে রাজশাহী ক্যান্সার হাসপাতাল, কাটাখালি ও রোটারি ক্লাব অফ পদ্মা, রাজশাহী। পরবর্তী ব্যাচে অংশগ্রহণে আগ্রহীদের সংক্ষিপ্ত বায়োডাটা মেইল করতে হবে [email protected] ঠিকানায়।








