টাঙ্গাইলের আগড়াতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ার কারণ অনুসন্ধানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানের সময় দুদক টিম বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্যবস্থাপনা কমিটির প্রধান ও উপজেলা প্রকৌশল দফতরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে।
মঙ্গলবার (২ এপ্রিল) এ অভিযান চালানো হয়।
ভবনটি নির্মাণের সময় নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয় বলে জিজ্ঞাসাবাদে তথ্য বেরিয়ে এসেছে বলে জানিয়েছে দুদক। দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেনের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। এনফোর্সমেন্ট টিম চলতি সপ্তাহেই এ বিষয়ে ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন জমা দেবে।
প্রসঙ্গত, গত ২২ মার্চ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আগড়াতাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে পড়ে। এ ঘটনার পর নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে ভবন নির্মাণের অভিযোগ ওঠে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার অনুসন্ধানের দায়িত্ব পায় দুদক।








