বনানীর এফ আর (ফারুক-রূপায়ন) টাওয়ারের ভবন নির্মাণে অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখতে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৩ এপ্রিল) সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক আবু বকর সিদ্দিককে এ বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুসন্ধানকারী কর্মকর্তা ১৮ তলার অনুমতি নিয়ে ২৩ তলা করার পেছনে যারা জড়িত তাদের খুঁজে বের করবেন। অনুসন্ধান প্রতিবেদন জমা দেবেন ১২০ দিনের মধ্যে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ বনানীর এফ আর টাওয়ারের অষ্টম তলায় আগুন লাগার ঘটনায় ভবনটির চারটি ফ্লোর পুড়ে যায় এবং ২৬ জন নিহত ও অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। ফায়ার সার্ভিস টানা পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে পারলেও উদ্ধার হওয়া মানুষজন জানিয়েছেন তারা ছাদের দিকে ওঠার চেষ্টা করেও উঠতে পারেননি। এরপরই বিষয়টি তদন্তে নেমে ভবনটির অনুমোদন ১৮ তলা থাকলেও সেটি বিশেষ প্রভাব খাটিয়ে ২৩ তলা করা হয়েছে বলে সরকারের বিভিন্ন সংস্থা জানতে পারে। এ বিষয়ে রাজউকসহ একাধিক সরকারি সংস্থা তদন্ত কমিটি করার পর দুর্নীতি দমন কমিশনও ভবনটির অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে কমিটি গঠন করলো।








