আমলাতান্ত্রিক জটিলতা উন্নয়নের জন্য বাধা বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তবে তিনি বলেন, ‘এই বাধাকে অতিক্রম করে আমাদের জনপ্রতিনিধিদের এগিয়ে যেতে হবে।’
সোমবার (৮ এপ্রিল) দুপুরে ডিএসসিসির নবগঠিত ১৮টি ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলরদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘জনবল কঠামো অনুমোদন না হওয়া অনুতাপের বিষয়। মাত্র ৪০ ভাগ জনবল নিয়ে আমরা কাজ করছি। ৮-১০ বছর ধরে আমাদের জনবল কাঠামো পড়ে আছে। অনুমোদন হয়নি। উত্তর সিটির অবস্থাও একই। আমাদের পাশাপাশি রাজউক ও পুলিশের অবস্থাও একই। এ জন্য একটা শক্তিশালী কর্তৃপক্ষ দিয়ে আমরা সেবা নিশ্চিত করতে পারি।’
মেয়র বলেন, ‘যত দ্রুত সম্ভব এই আমলাতান্ত্রিক জটিলতা দূর করে সেবার পথ খুলে দেওয়া হোক। আমরা চাই আমলাতান্ত্রিক জটিলতা দূর হোক। কারণ, আমরা দায়বদ্ধ ও আমরা ঋণী।’
রাজউকের পুরান ঢাকার রি-ডেভলপমেন্ট প্রকল্পের বিষয়ে সাঈদ খোকন বলেন, ‘গণপূর্ত মন্ত্রণালয়কে আগে পুরানো ঢাকার মানুষের আস্থা আনতে হবে। এ জন্য সবার সঙ্গে মতবিনিময় করা যেতে পারে। আস্থা না নিয়ে কাজ করলে যেকোনও সমস্যা হতে পারে।’
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাজী মো. সেলিম, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সচিব মোস্তফা কামাল প্রমুখ।








