ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একইসঙ্গে নুসরাতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ছাত্রলীগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নুসরাতের অকাল মৃত্যুতে বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার পরিবারের পাশে থাকার দৃঢ প্রত্যয় ব্যক্ত করছি। সেইসঙ্গে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ঘটনার বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ সজাগ দৃষ্টি রাখবে।’








