নৌ-শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী সোমবার (১৫ তারিখ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে সব ধরনের নৌযানে কর্মবিরতি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
শনিবার (১৩ এপ্রিল) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ ঘোষণা দেয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম ভূঁইয়া বলেন, ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে ১১ দফা দাবি নিয়ে সরকার, মালিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানোর পরও কার্যকরী উদ্যোগ না নেওয়ায় শ্রমিকরা কর্মবিরতির কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, অবিলম্বে কার্যকরী উদ্যোগ গ্রহণ করে ১৫ এপ্রিলের মধ্যে দাবি বাস্তবায়ন করতে হবে। তা না হলে ১৫ এপ্রিল মধ্যরাত ১২টা ১ মিনিট থেকে শ্রমিকরা কর্মবিরতিতে যেতে বাধ্য হবে।
নৌ-শ্রমিকদের দাবিগুলো হলো, নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, শ্রমিক নির্যাতন বন্ধ ও সন্ত্রাসীদের গ্রেফতার, নৌযান শ্রমিকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস দেওয়া, জাহাজে কর্মরত শ্রমিকদের জন্য মালিকের ফ্রি খাবারের ব্যবস্থা, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া, মাস্টার বা ড্রাইভারদের ইনচার্জ, এন্ড্রোসমেন্ট ও টেকনিক্যাল ভাতা পুনঃনির্ধারণ, সমুদ্রভাতা ও রাত্রিকালীন ভাতা নির্ধারণ ইত্যাদি।
সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, সাংগঠনিক সম্পাদক চৌধুরী আফসার হোসেন, প্রচার সম্পাদক শেখ আবুল কাশেম, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।








