সড়ক দুর্ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা হক লাবণ্যের নিহতের ঘটনায় তাকে বহনকারী উবারচালক সুমন হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (১ মে) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক শহিদুল ইসলাম জবানবন্দি গ্রহণের পর সুমনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম দুই দিনের রিমান্ড শেষে আসামি সুমনকে আদালতে হাজির করেন।
সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) ইউসুফ আলী খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা হক লাবণ্য (২১) নিহত হন। তিনি উবারের একটি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ওই মোটরসাইকেলের চালক সুমন। গত ২৬ এপ্রিল মোহাম্মদপুর থেকে উবারচালক সুমনকে আটক করে পুলিশ।








