আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে ১১টি হলিডে মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।
বৃহস্পতিবার (২ মে) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ বিষয়ে ঢাকার দুই মেয়রকে লিখিতভাবে অবহিত করেছেন। সাপ্তাহিক সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব মার্কেট চালু থাকবে।
হলিডে মার্কেট চালু হলে রাজধানীবাসী সপ্তাহের এই দুইদিন নির্দিষ্ট সময়ের জন্য অস্থায়ীভাবে ক্রয়-বিক্রয়ের সুবিধা পাবেন। মার্কেটগুলোতে কাপড়, প্রসাধনী, জুতা, গৃহস্থালি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সুলভমূল্যে পাওয়া যাবে। এতে বেশি উপকৃত হবেন নগরীর নিম্নবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত মানুষেরা।
ডিএমপি কমিশনারের লেখা ওই চিঠিতে বলা হয়েছে, ঢাকা মহানগর এলাকার ফুটপাত থেকে নিয়মিত হকারসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে এবং এ প্রক্রিয়া চলমান রয়েছে। লক্ষ করা গেছে, ঈদ উপলক্ষে ঢাকা মহানগর এলাকার ফুটপাতগুলো হকারদের অস্থায়ী দোকানে পরিপূর্ণ থাকে। ঈদের পোশাক থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য অতি দরিদ্র থেকে শুরু করে নিম্ন-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত, এমনকি কিছু কিছু উচ্চবিত্ত পেশার লোকের সমাগমে ফুটপাতগুলো লোকারণ্য থাকে। এর ফলে সাধারণ লোকজন চলাচলের জন্য ফুটপাত ব্যবহার করতে পারে না। অন্যদিকে ফুটপাত ছেড়ে প্রধান প্রধান সড়কের ওপর দিয়ে যাতায়াত করার কারণে প্রধান সড়কে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়।
বর্তমানে ঢাকা মহানগর এলাকায় কয়েকটি মেগা প্রকল্প চলমান থাকায় রাস্তার প্রশস্ততা কমে গিয়ে যান চলাচলে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র হকারদের বিষয়টি চিন্তা করে প্রধানমন্ত্রী তাদের জন্য ফুটপাতের পরিবর্তে নির্দিষ্ট স্থানে ছুটির দিনে (শুক্র ও শনিবার) হলিডে মার্কেট চালুর নির্দেশনা দিয়েছেন। এসব মার্কেট শুধু আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত বলবৎ থাকবে। ঈদের পর মার্কেটগুলো অপসারণ করা হবে। পবিত্র ঈদ ও মাহে রমজানে মাসব্যাপী শুধু ছুটির দিনে (শুক্র ও শনিবার) হলিডে মার্কেটগুলো সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।
হলিডে মার্কেটের স্থানগুলো হলো—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার করপোরেট গলি (মৎস্য ভবন হতে শিল্পকলা একাডেমি), নালারপাড় (কাঁটাবন হতে শাহবাগের দিকে প্রথম গলি), মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তা, বক চত্বর থেকে পূবালী ব্যাংক রোড পর্যন্ত (দিলকুশা), যাত্রাবাড়ি চৌরাস্তার পূর্ব পাশ। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার লালমাটিয়া মাঠ (আড়ংয়ের পেছনে), সলিমুল্লাহ রোডের পানির ট্যাংক মাঠ, মিরপুর-১ নম্বর হতে রাইনখোলা, হারুন মোল্লাহ ঈদগাহ মাঠ, জমজম টাওয়ারের পশ্চিম পাশের খালি প্লট ও কাবাব ফ্যাক্টরির সামনে খালি চত্বর।
প্রসঙ্গত, এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের আমলসহ বিগত বছরগুলোতে নগরীতে হলিডে মার্কেট চালু করেছিল সিটি করপোরেশন। কিন্তু নানা কারণে মার্কেটগুলো বেশি দিন টেকেনি।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা শুধু রমজান মাসের জন্য তিনটি স্থানে হলিডে মার্কেট চালু করতে যাচ্ছি। স্থানগুলো উল্লেখ করে দুই-একদিনের মধ্যেই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।








