পরিবেশ, প্রকৃতি ও প্রাণীর প্রতি সদয় আচরণের লক্ষ্যে সচেতনতা তৈরির উদ্দেশ্যে ঢাকার ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনে মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। এই মিনি ম্যারাথনে দেশি-বিদেশি প্রায় ১শ জন সচেতন মানুষ অংশগ্রহণ করেন।
শুক্রবার (৩ মে) সকাল ৬টা ৩০ মিনিটে ‘রান ফর প’ এই মিনি ম্যারাথনের আয়োজন করে প্রাণী কল্যাণ সংগঠন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ( PAW )।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থপতি রাকিবুল হক এমিল জানান, বর্তমানে সারাদেশ তথা পৃথিবী পরিবেশ বিপর্যয়ের কারণে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ছে। উপকূলীয় বনাঞ্চল এবং দেশের প্রাণীদের আশ্রয়স্থল ধ্বংস হচ্ছে নির্বিচারে। মানুষের নির্দয় আচরণ ও অসংবেদনশীলতার কারণে হুমকির মুখে পড়েছে প্রাণ ও প্রকৃতির একটি বড় অংশ। এ কারণেই পরিবেশ, প্রকৃতি ও প্রাণীর প্রতি সদয় আচরণের লক্ষ্যে মানুষকে সচেতন করে তোলার উদ্দেশ্যে এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়। এজন্য মিনি ম্যারাথনের স্থান হিসেবে গাছ-গাছালি ঘেরা নানা প্রাণীর আবাসস্থল জাতীয় উদ্ভিদ উদ্যানকে বেছে নেওয়া হয়। একদল মানুষ উদ্যানের ভেতরে ৫ কিলোমিটার পথ নিঃশব্দে দৌড়ে পার হয়ে আসেন। এ সময় তারা প্রকৃতির নিজস্ব শব্দ শুনতে কান পাতেন।’
মিনি ম্যারাথনে অংশগ্রহণকারীরাও দেশের মানুষকে প্রাণী-প্রকৃতির প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
ম্যারাথন শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের একটি করে মেডেল দেওয়া হয়। অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের আকর্ষণীয় নকশার পদক তুলে দেন ঢাকা জাতীয় উদ্ভিদ উদ্যানের পরিচালক বন কর্মকর্তা মোল্ল্যা রেজাউল করিম ও ‘প’ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থপতি রাকিবুল হক এমিল।








