দেশের কারাগারে থাকা বন্দিদের জন্য ইফতারের বরাদ্দ বাড়িয়েছে সরকার। ১৫ টাকার পরিবর্তে ইফতারে এ বছর থেকে প্রত্যেক বন্দির জন্য ৩০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ মে) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অর্থ বরাদ্দ পাওয়ার পর সুরক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সই করা এক আদেশে এ বিষয়ে কারা অধিদফতরকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৩ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা বিভাগ কারাবন্দিদের ইফতারের জন্য জনপ্রতি বরাদ্দ বাড়ানোর আবেদন করে। অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ ২ মে সুরক্ষা বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে কারাগারের প্রত্যেকের জন্য বরাদ্দ ১৫ টাকা বাড়িয়ে ৩০ টাকা করে।
গত রবিবার (৫ মে) কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (অর্থ) সুমাইয়া আক্তারের সই করা এক চিঠিতে এ বিষয়ে দেশের কারাগারগুলোর সুপার, সিনিয়র জেল সুপার ও জেলা কারাগারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।








