বাংলাদেশের পোশাক শিল্প কারখানা সংস্কার কার্যক্রম চালানোর জন্য সরকার যে রেমিডিয়েশন কো-অডিনেশন সেল (আরসিসি) বা সংস্কার সমন্বয় সেল গঠন করেছে তা পুরোদমে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
মঙ্গলবার (২৮ মে) ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মিজ সিডসেল ব্লেকেনের সঙ্গে সাক্ষাতের সময় এই তথ্য জানিয়েছে প্রতিমন্ত্রী। এদিন সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর দফতরে তার সঙ্গে দেথা করতে যান মিজ সিডসেল ব্লেকেন।
প্রতিমন্ত্রী রাষ্টদূতকে আরও জানান, অ্যাকর্ড- অ্যালায়েন্স চলে যাওয়ার পর আরসিসি’র প্রকৌশলীরা তাদের কাজ ভালোভাবে চালিয়ে নিতে পারবেন। ইতোমধ্যে ১২০ জন প্রকৌশলীকে নিয়োগ দিয়ে তাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। সরকার গতবছর বাংলাদেশ শ্রম আইন সংশোধন করেছে। আগে কারখানায় কর্মরত ৩০ শতাংশ শ্রমিকের সমর্থনে ট্রেড ইউনিয়ন করা গেলেও এখন মাত্র ২০ শতাংশ শ্রমিকের সমর্থনে ট্রেড ইউনিয়ন করা যাবে।
সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব কে এম আলী আজম, অতিরিক্ত সচিব (আইও) সৈয়দ আহম্মদ এবং শ্রম অধিদফতরের মহাপরিচালক একেএম মিজানুর রহমান উপস্থিত ছিলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।








