ঈদুল ফিতরে জাকের পার্টি রাজধানী ঢাকাসহ সারাদেশে ৮০টি ঈদ জামাতের আয়োজন করবে। শনিবার (১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা ৮ বছর ধরে জাকের পার্টি দেশজুড়ে ঈদ জামাতের আয়োজন করছে। পবিত্র ঈদুল ফিতরের প্রকৃত মহিমা ও তাৎপর্যের আলোকে ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে হৃদ্যতা তৈরি করে ঈদের খুশি অর্থবহ করার লক্ষ্যে জাকের পার্টির এ আয়োজন। এবার রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ অংশে দুটি এবং দেশব্যাপী মহানগর, জেলা সদর ও সাংগঠনিক জেলায় আরও ৭৮টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সব জামাত একযোগে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। কর্মসূচির অংশ হিসেবে ৮০টি জামাত ভেন্যুতে ঈদের আগের দিন রোজাদারদের নিয়ে অনুষ্ঠিত হবে সমাপনী ইফতার মাহফিল। প্রতিটি ঈদ জামাতে সাম্য ও অনাবিল খুশির সমান অংশীদার ধনী-গরিব সর্বস্তরের মানুষকে এক কাতারে বসিয়ে ঐতিহ্যবাহী ঈদের খাবার আপ্যায়ন করা হবে।








