যাত্রী অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন,‘এদেশের একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর হাতে যাত্রীস্বার্থ জিম্মি হয়ে পড়েছে। পরিবহনে চাঁদাবাজি, ধান্ধাবাজি, বেশি ভাড়া আদায়ের নৈরাজ্যসহ নানা কারণে মানুষ রাস্তাঘাটে ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যার সমাধানে যাত্রীসাধারণের সচেতন ও সংগঠিত হওয়ার বিকল্প নেই।’
বৃহস্পতিবার (৬ জুন) সকালে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশের বাড়িতে ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী। এসময় ড. ইউনূস এসব কথা বলেন বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।
সমিতির প্রচার সম্পাদক মাহামুদুল হাসান রাসেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে মোজাম্মেল হক চৌধুরী যাত্রী কল্যাণ সমিতির বিভিন্ন কর্মকাণ্ড, গৃহীত কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। ড. ইউনূস এসময় ধৈর্য নিয়ে সব কথা শোনেন এবং যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনের কর্মকাণ্ড সম্পর্কে যাত্রী কল্যাণ মহাসচিবকে অবহিত করেন। তিনি আন্তর্জাতিক ফোরামগুলোর সঙ্গে সু-সম্পর্ক গড়ে তোলাসহ নানা বিষয়ে পরামর্শ দেন।
এসময় ইস্ট ডেল্টা ইউনির্ভাসিটির উপ-উপাচার্য প্রফেসর মো. সেকান্দর খান, শিক্ষাবিদ অধ্যাপক মো. শামসুদ্দিন শিশির, চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি এম.এ সবুর, এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার, ভাইস-চেয়ারম্যান ফরিদ আলম, যাত্রী কল্যাণ সমিতির জিয়াউল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।








