বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আসামিরা যাতে দেশ ত্যাগ করতে না পারে, সেজন্য বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পিআর এআইজি মো. সোহেল রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এরইমধ্যে হতাকাণ্ডের সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জড়িত অন্যদেরকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দর সমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।
আসামিদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি, র্যাব এবং ডিএমপি’র কাউন্টার টেরোরিজম ইউনিট কাজ করছে।
বিজ্ঞপ্তিতে আসামিদের বিষয়ে তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।








