শারীরিক প্রতিবন্ধী চাঁদের কণাকে একটি সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৯ জুন) বিকালে ফোনে প্রধানমন্ত্রীর এ আশ্বাসের কথা তিনি জানতে পারেন।
চাকরি পেতে গত বুধবার (২৬ জুন) থেকে রাজধানীর প্রেসক্লাবের সামনে আমরণ অনশনে বসেছিলেন সিরাজগঞ্জের চাঁদের কণা। ওই দিনই বাংলা ট্রিবিউন ‘তিনি একটি চাকরি চান’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া চাকরির ব্যাপারে প্রধানমন্ত্রীর আশ্বাস দেওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মেয়েটির সিভি আমাদের কাছে এসেছে। আমরা তার একটা চাকরির ব্যবস্থা করবো।’
প্রধানমন্ত্রীর আশ্বাসের কথা শুনে খুশিতে আত্মহারা চাঁদের কণা অনশন ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছেন।
তিনি বলেন, ‘আমি কৃতজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। তিনি আশ্বস্ত করেছেন, যোগ্যতা অনুযায়ী সমাজসেবা অধিদফতরে আমার চাকরির ব্যবস্থা করা হবে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমার সঙ্গে কথা বলেন।’
অনশনের বিষয়টি সবার সামনে তুলে ধরায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে চাঁদের কণা বলেন, ‘আমি অনশন ভেঙে বাড়ি ফিরে যাচ্ছি।’
প্রসঙ্গত, ৯ মাস বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে চাঁদের কণার পা দুটির কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। হাতের ওপর ভর দিয়ে চলাফেরা করেন তিনি। এভাবেই ঢাকার ইডেন কলেজ থেকে ২০১৩ সালে ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার্স শেষ করেন।







