হোটেল-রেস্তোরাঁর খাবারের মান নিশ্চিতে নীতিমালা তৈরির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৯, ২৩:২৪আপডেট : ০২ জুলাই ২০১৯, ২০:৪৬



হোটেল-রেস্তোরাঁর খাবারের মান নিশ্চিতে নীতিমালা তৈরির নির্দেশ দেশের হোটেল-রেস্তোরাঁগুলোয় উষ্ণ পানীয়ের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে কমিটি গঠনের মাধ্যমে একটি নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কনজ্যুমার অ্যাসোসিয়েশন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাসহ এ রিটের অন্য বিবাদীদের নিয়ে ওই বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রাথমিক শুনানিতে সোমবার (১ জুলাই) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একইসঙ্গে ১ মাসের মধ্যে এই বিশেষজ্ঞ কমিটি গঠন করে পরবর্তী ২ মাসের মধ্যে বিদেশি ও স্থানীয় উষ্ণ পানীয় (চা-কফি) পরিবেশনের নীতিমালা করতে নির্দেশ দিয়েছেন আদালত।
পাশাপাশি ওই নীতিমালা আগামী ২২ অক্টোবর প্রতিবেদন আকারে জমা দিতে বলা হয়েছে। ২৪ অক্টোবর মামলার শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
এছাড়া ২০১৪ সালের হোটেল ও রেস্টুরেন্ট আইন অনুসারে জেলা প্রশাসক এবং ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিধান অনুসারে অভিযোগ পাওয়ার পরও কোনও পদক্ষেপ না নেওয়ায় বিবাদীদের ব্যর্থতা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত সিহিনথা সাবিন খানকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে নাভানা ফুডস লিমিটেডকে কেন নির্দেশ দেওয়া হবে না, অন্যথায় ক্ষতিপূরণ দেওয়ার ব্যর্থতায় সংশ্লিষ্ট ক্যাফের (গ্লোরিয়া জিনস) লাইসেন্স কেন বাতিল করা হবে না, রুলে তাও জানতে চেয়েছেন হাইকোর্ট।
আগামী ২ সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক, বাণিজ্য মন্ত্রণালয়, বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং নাভানা ফুডস লিমিটেডকে এসব রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার রিশাদ ইমাম, জুবায়দা গুলশান আরা প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক ও সহকারী অ্যাটর্নি জেনারেল নাজমা আফরিন।

রাশনা ইমাম বলেন, ‘এই আদেশের ফলে সংশ্লিষ্টরা একটি কমিটি করবে। ওই কমিটি হোটেল-রেস্তোরাঁ-ক্যাফেগুলোতে তদন্ত চালিয়ে কত তাপমাত্রায় উষ্ণ পানীয় সরবরাহ করা হচ্ছে, কোন ধরনের কাপ ব্যবহার হচ্ছে এবং সেগুলোর সুরক্ষাসহ সেখানকার কর্মকর্তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার বিষয়ে কোনও প্রশক্ষিণ দেওয়া হয়েছে কিনা, তা নির্ণয় করবে।’
মামলার বিবরণী থেকে জানা গেছে, গ্লোরিয়া জিনস ক্যাফে নামে ঢাকায় নাভানা ফুডস লিমিটেডের ৪টি আউটলেট রয়েছে। গত বছরের মে মাসে সিহিনথা সাবিন খান নামের একজন ক্রেতা গুলশানের গ্লোরিয়া জিনস ক্যাফেতে দুপুরের খাবার শেষে ক্যাফেটির একটি চায়ের কাপ নিয়ে গাড়িতে ওঠেন। তবে গাড়ি ছাড়ার আগে কাপটি হাতে নিলে মুখটি জাম্প করে খুলে যায়। চা অতিরিক্ত গরম হওয়ায় সিহিনথার পেট ও পায়ের কিছু অংশ পুড়ে যায়। তিনি দৌড়ে ক্যাফটিতে যান। তবে তাকে হাসপাতালে না নিয়ে ঠান্ডা পানি দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে কর্তৃপক্ষ।
তবে ঘটনার কিছু সময় পর বাবা-মা এসে সিহিনথাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। সিহিনথার পোড়া ছিল থার্ড ডিগ্রি টাইপের। এ ধরনের পোড়ার ক্ষেত্রে চায়ের তাপমাত্রা তীব্রতর হয়ে থাকে। সেক্ষেত্রে ওই ক্যাফের চায়ের তাপমাত্রা নিয়ে শঙ্কা প্রকাশ করেন চিকিৎসকরা।
ব্যাংকক গিয়ে প্রতি মাসে সিহিনথাকে চিকিৎসা নিতে হচ্ছে। যদিও ঢাকনাযুক্ত ত্রুটিপূর্ণ চায়ের কাপ ও চায়ের তাপমাত্রা নিয়ন্ত্রিত না থাকার বিষয়টি ক্যাফে কর্তৃপক্ষ স্বীকার করেনি। ওই ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে একটি আইনি নোটিশ দেওয়া হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকবার আলোচনা হলেও ক্যাফের মালিকপক্ষ ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি।
রিটকারীর আইনজীবী রাশনা ইমাম বলেন, বিধান অনুসারে জেলা প্রশাসক স্থানীয় হোটেল ও রেস্তোরাঁর লাইসেন্স দিতে ও বাতিল করতে পারেন। আবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের অধীনেও এর অধিদফতরকে হোটেল-রেস্তোরাঁ পরিদর্শন ও ভোক্তাদের অভিযোগ তদন্ত করার বিষয়ে ক্ষমতা দেওয়া হয়েছে। কিন্তু রিটকারী সিহিনথার অভিযোগের বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। তাই প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম