মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে রাজধানীর ছয়টি ফার্মেসিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (৩ জুলাই) রামপুরা, রমনা, মগবাজার ও বনশ্রী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৬টি ফার্মেসিতে তদারকি করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার জানান, অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মাসুম আরেফিন ও আফরোজা রহমান। তারা জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মগবাজার ট্রাস্ট ফার্মা ও মেসার্স ইস্কাটন ড্রাগ স্টোরকে ৩০ হাজার টাকা করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রামপুরার তিথি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা ও সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে মালিবাগ এলাকায় মা ফার্মেসি, দোহা ড্রাগ হাউস ও তাজ ফার্মাকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি এই তিনটি ফার্মেসিকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।








