বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ১২.৭৬ কেজি সোনা উদ্ধারের ঘটনায় দায়ের মামলায় এয়ারক্রাফট মেকানিক মোহাম্মাদ আফজাল হোসেন হাওলাদারকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বুধবার (৩ জুলাই) তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শরীফ হোসেন আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার (২ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের টয়লেট থেকে ১১০টি সোনার বার (১২.৭৬ কেজি) উদ্ধার করা হয়। এ ঘটনায় এয়ারক্রাফট মেকানিক আফজালকে আটক করা হয়। জব্দ করা হয় ‘অরুণ আলো’ উড়োজাহাজটি। পরে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়।








