গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা রবিবারের (৭ জুলাই) হরতাল সফল করতে দেশের সবাইকে এতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার (৬ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণশুনানিতে আমাদের বক্তব্য অগ্রাহ্য করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) অযৌক্তিভাবে গ্যাসের দাম বাড়িয়েছে। রান্নার গ্যাসের দাম বাড়ানোতে জীবনযাত্রার ব্যয় বাড়বে। সিএনজির দাম বৃদ্ধি করায় পরিবহন ব্যয় বাড়বে। শিল্প কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোই শিল্পপণ্যের দাম বাড়বে। বিদ্যুৎকেন্দ্রে সরবরাহকৃত গ্যাসের দাম বাড়ানোই বিদ্যুতের দাম বাড়বে। বিদ্যুতের দাম বাড়লে শিল্পপণ্যসহ কৃষি ও সেচে ব্যয় বাড়বে। এভাবে ব্যয় বাড়ার ফাঁদে পড়ে জনগণ নিপীড়িত হবে।
তারা আরও বলেন, আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কমায় ভারতে সিলিন্ডার গ্যাসের দাম কমানো হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ সরকার এলএনজি, এলপিজি গ্যাস ব্যবসায়ীদের পকেট ভারী করার জন্য সিলিন্ডার গ্যাসের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে রেখেছে।
এ সময় অবিলম্বে সিলিন্ডার গ্যাসের দাম বাজার দামের অর্ধেকে নামিয়ে আনার আহ্বান জানান তারা। একইসঙ্গে রবিবারের হরতালে কোনও প্রকার উসকানি না দিতে সরকারকে হুঁশিয়ার করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন—বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সিপিবি'র সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেকুজ্জামান রতন প্রমুখ।








