১৬ বছর আগে যশোরের ঝিকরগাছার গদাখালী ইউনিয়নের বামনখালী গ্রামের এক শিশুকে (৫) ধর্ষণ ও হত্যার মামলায় চাচাতো ভাই আবদুল কাদেরকে বিচারিক আদালেতের দেওয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
সোমবার (৮ জুলাই) হাইকোর্টের বিচারপতি এ এন এম বশির উল্লাহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিনুল ইসলাম। তার সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ফাতেমা রশিদ। আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হাসান শহীদ কামরুজ্জামান।
২০০৩ সালের ১ জুলাই ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করে চাচাতো ভাই কাদের। এ ঘটনায় ৫ জুলাই ঝিকরগাছা থানায় মামলা দায়ের করেন শিশুটির বাবা। পরে একই বছরের ৩১ আগস্ট আসামি কাদেরের (১৯) বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। গ্রেফতারের পর সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে।
২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি যশোরের নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক নুর মোহাম্মদ মোড়ল আসামি কাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ রায়ের বিরুদ্ধে করা আসামির করা আপিল আবেদন খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট।








