চলন্ত ট্রেনে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত সম্রাট। বৃহস্পতিবার (১১ জুলাই) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর সম্রাটকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান। কোর্ট পরিদর্শক আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
এদিকে, ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীকে ১২ ঘণ্টার বেশি কমলাপুর রেলওয়ে থানায় রাখার পর বৃহস্পতিবার(১১ জুলাই) দুপুর একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। এরপর আলামত সংগ্রহ করে হাসপাতালের ফরেনসিক বিভাগ।
এর আগে বুধবার (১০ জুলাই) সন্ধ্যায় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া যমুনা এক্সপ্রেস ট্রেনে ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীকে উদ্ধার করেন যাত্রীরা। এ সময় তারা আসামি সম্রাটকে আটক করে পুলিশে দেন। শিশুটিকে উদ্ধারের পর প্রথমে বিমানবন্দর থানা পুলিশ ও পরে রাত সাড়ে ১২টার দিকে নেওয়া হয় কমলাপুর রেলওয়ে পুলিশের হেফাজতে।
বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ মামলায় আসামি সম্রাটকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।








