হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রবিবার (১৪ জুলাই) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ শুনানি শেষে এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জনতা ব্যাংকের ভুয়া এলসির মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে দুপুরে আদালতে আত্মসমর্পণ করে মতিঝিল থানার মামলাটিতে তিনি জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জাহাঙ্গীর আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। আসামির পক্ষে আইনজীবী গাজী শাহআলম জামিনের আবেদন করে শুনানি করেন।
জেসমিন ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে ২০১৬ সালের ১ নভেম্বর মতিঝিল থানায় মামলা করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, হলমার্কের চেয়ারম্যান ও এমডি তাদের প্রতিষ্ঠানের বেতনভুক্ত কর্মচারী মো. জাহাঙ্গীর আলমকে আনোয়ারা স্পিনিং মিলসের মালিক এবং জাকারিয়াকে ম্যাক্স স্পিনিং মিলসের মালিক সাজিয়ে ভুয়া কাগজপত্র বানিয়ে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন।








